কলকাতার সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু নন্দন ৩-এ সাড়ম্বরে আয়োজিত হলো ‘স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (Swami Vivekananda International Film Festival)। ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০০ টা থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবে বিশ্বজুড়ে সমাজ, সংস্কৃতি ও শিল্পের বৈচিত্র্যময় রূপ তুলে ধরতে প্রদর্শিত হয় ৮টি বিশিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় ছবি।
আন্তর্জাতিক এই উৎসবে স্থান পাওয়া চলচ্চিত্রগুলির মধ্যে ছিল— ‘মতুয়া মঙ্গল’ (বাংলাদেশ), ‘অল্টার ইকো’ (ভারত), ‘ঘোস্ট অফ ইন্ডিয়া’ (ভারত), ‘ভয়েস অফ মিলিয়ন’ (কানাডা), ‘মদন ভেরী’ (ভারত), ‘স্বালিহ’ (ভারত), ‘অধরা’ (ভারত) এবং ‘দ্য ফার্স্ট সাইট’ (ভারত)।
অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিধায়ক শ্রী তুষার কান্তি মজুমদার এবং ফেস্টিভ্যাল চেয়ারম্যান ডঃ পবিত্র মহাপাত্র। উৎসবের সূচনাপর্বে প্রখ্যাত সংগঠক শ্রী পল্লব রায় মহাশয় অতিথিদের হাতে সবুজ চারাগাছ ও সুসজ্জিত উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা জানান। পরিবেশ সচেতনতার এই বার্তা উপস্থিত দর্শকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
উৎসবের শুরুতে প্রেক্ষাগৃহে উপস্থিতি সাধারণ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে নন্দন ৩-এর আসন পরিপূর্ণ হয়ে যায় এবং একপর্যায়ে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। বাংলাদেশের ছবি ‘মতুয়া মঙ্গল’ (Muthua Mangal) প্রদর্শনের সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বিধায়ক তুষার কান্তি মজুমদার। ছবিটির প্রেক্ষাপট, পরিচালনা ও অভিনয়ের আন্তরিক প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের শিল্পকর্ম সীমান্ত পেরিয়ে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছে দেয়।”
চলচ্চিত্রপ্রেমী ও নবীন নির্মাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বামী বিবেকানন্দ ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের এই সফল আয়োজন তিলোত্তমা কলকাতার সংস্কৃতি চর্চায় এক নতুন পালক সংযোজন করল।
