কবিতা — ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম

0

ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম

সুদীপ ভড়

স্বপ্নে দেখি তোমায় ক্ষুদিরাম
ফাঁসির মঞ্চে রয়েছো দাঁড়িয়ে
হাসি মুখে অকুতোভয়ে
মৃত্যুকে আহ্বান হাত বাড়িয়ে।
জল্লাদ কহে, হে বীর যোদ্ধা
কৃপা করে দাও পরিচয়
কখনও দেখিনি এমন মানব
মৃত্যুতে নেই কোনো ভয়।
কতকাল ধরে এ হাত দিয়ে
দিয়েছি কত শত ফাঁসি
এত ক্ষুদ্র বালক হয়ে
গাইছো গান, মুখে হাসি !
নও হে তুমি সাধারণ বালক
নও হে তুমি তুচ্ছ মানব
হে বিধাতা কী পাপ করাচ্ছো,
কেন বানাচ্ছো মোরে দানব।
কর জোড়ে মোর প্রার্থনা
ক্ষমা করো হে দেশমাতা
আজ্ঞা বহ কর্মী আমি
নই যে আমি শাস্তি দাতা।
ক্ষুদিরাম কহে, উঠো জল্লাদ
জানে মাতা, জানি আমি
বৃথা করো অনুতাপ তুমি
সময় যে বড়ো দামি।
সময় যে নেই মোর হাতে
জন্মাতে হবে বাংলার ঘরে
ওদের অত্যাচারে কত সন্তান
অকালে যে মৃত্যুবরণ করে।
গাইবো মুখে জীবনের গান
হাসি মুখে পড়বো দড়ি
ভারত মাতা গুনছে প্রহর
ভারতবাসী দেখছে ঘড়ি।
কাঁদছে কত জননী আমার
কাঁদছে কত ভারত বাসী
একবার বিদায় দাও হে মোরে
একবার তবে ঘুরে আসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here