সেই দেশ খুঁজেছি কত
সুদীপ ভড়
জানো বন্ধু, আমি সেই দেশ
খুঁজেছি যে কত,
যেথায় থাকবে শব্দ গুলো
লেখা পাতায় যত।
রোজ সকালে ছাতিম তলায়
বসবে মোদের পাঠশালা,
পড়বে যখন পাতা খসে
গাঁথবো সেই শব্দমালা।
কবিতা আর ছড়াগুলো
পাখির কণ্ঠে শুনবো মোরা,
তাদের সুরে সুর মেলাবো
আনন্দে হবো আত্মহারা।
যেখানে নেই শাসন-ত্রাসন
থাকবে না চোখ রাঙানি,
করবে না ভিড় কঠিন শব্দ,
নেই প্রচ্ছদের ঝলকানি।
জানো বন্ধু, আমি সেই দেশ
খুঁজেছি যে কত,
যেথায় নিয়ম-টিয়ম থাকবে
উদাসী বাউলের মতো।
যেখানে নেই হার্ড হোমওয়ার্ক
নেই কোনো এক্সামের তাড়া,
নেই কোনো কোচিং ক্লাস সেথায়
আনন্দ সব বাঁধন ছাড়া।
পড়ন্ত বিকেলে যখন,
পাখিদের ঘরে ফেরা,
গল্প শোনাতে আসবে চাঁদ
ভিড় করবে জোনাকিরা।
ঘুম পাড়ানি ছড়া যত
আসবে ভেসে রাত হলে,
ঘুমিয়ে সব পড়বো সেথায়
প্রকৃতি মায়ের কোলে।
যেথায় রোবট নয়, মানুষ হয়
বাঁচবো বাঁচার মতো
জানো বন্ধু, আমি ঠিক সেই
দেশ খুঁজেছি কত।
