
মানুষ হবার শিক্ষা
সুদীপ ভড়
এক বৃদ্ধ পড়নে ছেঁড়া ময়লা বস্ত্র
খোঁচা খোঁচা পাকা দাড়ি, লম্বা লম্বা পাকা চুল,
দশ বছর ধরে খুঁজছেন, “মানুষ হবার শিক্ষা”।
একদিন এক দোকানে গিয়ে , পাঁচশো টাকার
নোট বের করে চাইলেন “মানুষ হবার শিক্ষা “,
দোকানদার প্রথমে হতবাক হল, পরে বিরক্ত হয়ে
বলল “এসব এখানে পাওয়া যায় না “,
তবে কোথায় পাওয়া যায় — মনে মনে
ভাবতে ভাবতে দোকান থেকে বেরিয়ে গেলেন।
একজন এসে তাকে বলল, “ঐ স্কুলে যাও,
ওখানে পেতে পারো।”
লোকটির কথায় তিনি একটু আশ্বাস্ত হলেন,
ভাবলেন এবার খোঁজা শেষ হবে।
সকলের চোখ এড়িয়ে ঢুকলেন স্কুলের ভিতর,
দাঁড়ালেন এক দরজার বাইরে,
ভিতরে চলছে পাঠ শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা,
ভাবলেন এবার তিনি ঠিক জায়গায় এসেছেন,
ক্লাস থেকে বের হতেই শিক্ষকের চোখ পড়ল
ঐ অদ্ভুত মানুষটির দিকে,
ধমক দিয়ে বললেন
“কে আপনি ? কী চাই এখানে ?
বৃদ্ধ উত্তর দিলেন,” মানুষ হবার শিক্ষা ”
“কী ! না, এসব এখানে পাওয়া যায় না ” বললেন শিক্ষক
আবার সেই বাক্য – ” এসব এখানে পাওয়া যায় না “।
একরাশ হতাশা নিয়ে বেরিয়ে গেলেন স্কুল থেকে,
পৌঁছালেন এক চায়ের দোকানে।
একজন বলে উঠল ” তোর মধ্যে কি কোনো শিক্ষাই নেই” ।
এই কথা শুনে বৃদ্ধ ভাবলেন, এই আমাকে সন্ধান দেবে
মানুষ হবার শিক্ষা , কোথায় পাবো,
কাছে গিয়ে বললেন তাকে সব ।
লোকটি হো হো করে হেসে বলল,
” আমরাই তো মানুষ,
আবার মানুষ হবার শিক্ষা খুঁজছে, পাগলা কোথাকার”।
বৃদ্ধ তখন চিৎকার করে বলে উঠল,
“আমরা মানুষ বলে,
সাত বছরের শিশুকে ধর্ষণ করি,
আমরা মানুষ বলে,
সম্পত্তির নেশায় ছুরি বসাই ভাইয়ের কলিজায়,
আমরা মানুষ বলে,
গর্ভধারিণী মা ভিক্ষা করে পথের ধারে,
আমরা মানুষ বলে,
স্বামী প্রেমিকার জন্য গর্ভবতী স্ত্রীকে দড়িতে ঝোলায়,
আমরা মানুষ বলে,
জীবনদায়ী জাল ওষুধ বিক্রি করি,
আমরা মানুষ বলে,
ধর্মের নাম করে মানুষে মানুষে হানাহানি করি,
আমরা মানুষ বলে…………”
বৃদ্ধের চিৎকার আর কান্নায় চারিদিকে অদ্ভুত স্তব্ধতা
কিচ্ছুক্ষণের জন্য সকলে নির্বাক স্ট্যাচু।
হঠাৎ-ই এক ভিক্ষুক ছুটে এসে,
তার হাতে কয়েকটি ছবি দিয়ে বলল,
“আগে এঁদের খোঁজ করো “।
বৃদ্ধ দেখলেন তার হাতে, বিদ্যাসাগর, বিবেকানন্দ,
মাদার টেরিজা,
“কিন্তু কোথায় পাবো এঁদের কে ?”
আজ যে এঁদের ভীষণ প্রয়োজন,
ভীষণ ভীষণ প্রয়োজন।