বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল ‘পথের দাবী’ সাহিত্য পত্রিকা। গত ৭ জুন, রবিবার কলকাতার মৌলালী যুবকেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ঐতিহাসিক কবিতার সংকলন—‘হাজার কবির হাজার কবিতা’। চর্যাপদ থেকে শুরু করে বর্তমান সময়ের অগ্রগণ্য কবিদের নির্বাচিত কবিতা নিয়ে সাজানো এই সংকলনটি সম্পাদনা করেছেন বিশিষ্ট কবি ও সম্পাদক মৌসুমী ডিংগাল ও বিদ্যুৎ মিশ্র।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে মৌলালী যুবকেন্দ্রে সমবেত হয়েছিলেন প্রায় দুই শতাধিক কবি ও সাহিত্যিক। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী ও কবিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়, নির্মল করণ, সারস্বত মন্ডল, বাদল বর্মন, আঙ্গুর বালা ডিঙ্গাল, চঞ্চল দুবে, রাজীব ঘাঁটি, শ্বেতা মুখার্জী এবং সোমনাথ নাগ-সহ বরেণ্য ব্যক্তিবর্গ।
‘পথের দাবী’ সাহিত্য পত্রিকার সম্পাদিকা মৌসুমী ডিংগালের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়াবিদ ও কবি সংগঠক শ্রী বাদল বর্মন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাহিত্যের প্রসারে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। সংকলনে অংশ নেওয়া প্রত্যেক কবি ও সাহিত্যিককে বই, উত্তরীয়, মেমেন্টো ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে বিশেষভাবে সম্মানিত করা হয়।
দীর্ঘ প্রতীক্ষিত এই সাহিত্য উৎসবের সমাপ্তি ঘটে মঞ্চে উপস্থিত সকল গুণীজন ও আমন্ত্রিতদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডারে এই সংকলনটি আগামী দিনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন আয়োজক ও উপস্থিত সাহিত্যিকরা।
