সহজ পাঠ
সুদীপ ভড়
ক্লাসের মধ্যে বড়দিদিকে
বলল টুয়ের ছোট্ট মিতা
সবথেকে মোর ভাল্ লাগে
সহজ পাঠের সব কবিতা।
সহজ পাঠের সহজ বুলি
“ছোটো খোকা বলে অ আ”
এমন মধুর বাক্য শুনে
শিখি মোরা কথা কওয়া।
“এসেছে শরৎ” কিংবা
“ছায়ার ঘোমটা মুখে টানি”
সকলেরই কানে বাজে
তাহা সবাই তো জানি।
“কতদিন ভাবে ফুল” কিংবা
“আমাদের ছোট নদী”
দুটোই আমার ভীষণ প্রিয়
বলব, শুনতে চাও যদি ?
পড়ব যখন সুরে সুরে
করব দুলে, দুলে পাঠ
শুনলে সবার প্রাণটা জুড়ায়
রবি ঠাকুরের লেখা ‘হাট।’
মোদের তরে সহজ পাঠ,
লিখলে কবি মোটে দুটি
এইটুকুতে মন ভরে না
আরও যদি হতো কটি।
সত্যি যদি এমন হতো
পঁচিশে বৈশাখের দিনে
আনতে কটি সহজ পাঠ
মনের কথা সব জেনে।
