মননে তুমি
সুদীপ ভড়
মননে তুমি হৃদয়ে তুমি, তুমিই মোদের প্রিয় রবি
নেইকো পুষ্প নেইকো মালা, বক্ষ জুড়ে তোমার ছবি।
শয়নে তুমি স্বপনে তুমি, বিষাদে তুমি, আছ আনন্দে
অশ্রু ধোয়ায় চরণ তোমার, প্রাণে বাজে সুর চেনা ছন্দে।
তবুও তোমায় সাজিয়েছি আমি, আমার মনের মতন করে
আয়রে তোরা আয়রে হেথায়, চক্ষু মেলে দেখ ওরে।
নৃত্য গীতে আকাশ বাতাস হবে আনন্দে মুখরিত
প্রাঙ্গন মাঝে শিশুরা কত হয়েছে আজ একত্রিত।
কীর্তি তোমায় অমর করেছে, রয়েছ বিশ্ব বাসীর মনে
তোমার বাণী রয়েছে মোদের জীবনের প্রতি ক্ষণে ক্ষণে।
কেমনে তোমার স্পর্শ পাবো, আছো যে তুমি বহুদূরে
চরণে তোমার নত শির, রয়েছ তুমি হৃদয় জুড়ে।
জানিনা আমি তোমার আশীষ, একটু হলেও পাবো কিনা
যে পথে চলি কেমনে যাই, একটু তোমার আশীষ বিনা।
বাঙালির তুমি প্রাণের কবি, গর্ব তুমি মোর বাংলার
কবিদের তুমি কবি তুমি, প্রণাম লহ এই আমার।
