
মায়ের ভাষা
সুদীপ ভড়
মোদের ভাষা বাংলা ভাষা, বাংলা মোদের প্রান,
বাঙালি হয়ে জন্মে মাগো পেয়েছি কত মান।
বাংলা মোদের এতো প্রিয় জুড়ায় মনের জ্বালা,
গাঁথব মালা বর্ণ দিয়ে আছে যে বর্ণমালা।
সন্ধ্যাবেলায় শিশুরা যখন অ আ ক খ পড়ে,
বাংলাভাষার মনি মানিক্য পড়ে ঝ’রে ঝ’রে।
পড়বে যখন দুলে দুলেএগোবে ট ঠ ড – এ,
ঝিঁঝিঁ পোকা সুর মেলাবে তাদের সুরে সুরে।
পড়তে পড়তে যেই এগোবে ত থ দ ধ – এ,
জোনাকি সব জুটবে সেথায় উড়বে শয়ে শয়ে।
যাঁর আলোতে ঘর ভরেছে বাংলা মায়ের ঘর,
বাংলা মায়ের শ্রেষ্ঠ ছেলে মোদের প্রিয় ঈশ্বর।
বাংলা মায়ের কোলের ছেলে রবীন্দ্র নজরুল,
প্রানের ছেলে শরৎ বঙ্কিম মাইকেল বনফুল।
বাংলা মায়ের আঁচল তলে, বাস করে কত কবি,
তাঁদের মধ্যে বিশ্বখ্যাত মোদের প্রিয় রবি।
চরনধূলি মাথায় নিলাম ঠেকাই মাথা পদতলে,
তোমার আশীষ পাই যেন মা, যেওনা আমায় ভুলে।
বাংলা ভাষা মায়ের ভাষা অন্য ভাষার থেকেও নামি,
আমার মায়ের মুখের ভাষা সবার চেয়ে অনেক দামি।