সন্ধ্যার পর এগরার সেফটি পার্কের পরিবেশ নিয়ে উঠল প্রশ্ন

0
▶
Listen to this news
Automatic language detection
Ready to play
Available voices depend on your browser and device.

নিজস্ব প্রতিনিধি, এগরা: শহরের সাধারণ মানুষ ও প্রবীণ নাগরিকদের সুস্থ বিনোদন এবং অবসর কাটানোর একমাত্র ঠিকানা এগরা শহরের ‘সেফটি পার্ক’। কিন্তু সন্ধ্যার পর সেই পার্কের পরিবেশ নিয়ে এবার গুরুতর প্রশ্ন উঠল। পার্কে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ তুলে এবং প্রশাসনের নজরদারি দাবি করে সামাজিক মাধ্যমে সরব হলেন এগরার জনপ্রিয় ভ্লগার ও শিক্ষক রঞ্জিত রঞ্জন কামিল্যা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্টে তিনি তাঁর ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। রঞ্জিত বাবু জানান, এদিন সন্ধ্যায় একটু অবসর সময় কাটাতে তিনি শহরের ওই একমাত্র পার্কে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে যা দেখেন, তাতে তিনি রীতিমতো ব্যথিত ও হতাশ হন। তাঁর অভিযোগ, সন্ধ্যার অন্ধকারে পার্কের বিভিন্ন কোণে কিছু তরুণ-তরুণী এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত থাকছেন, যা একটি সাধারণ পাবলিক পার্কের সুস্থ পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান। ফেসবুকে ৪৪ হাজারেরও বেশি অনুগামী থাকা এই কন্টেন্ট ক্রিয়েটর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো ব্যক্তিগত বিরোধিতা নয়, বরং শহরের সুস্থ পরিবেশ বজায় রাখার তাগিদেই একজন সচেতন নাগরিক হিসেবে তিনি বিষয়টি সামনে এনেছেন। তিনি এগরা পুরসভা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পার্কে উপযুক্ত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে আগামী দিনে সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা নিরাপদে এবং স্বচ্ছন্দে সেখানে সময় কাটাতে পারেন। তাঁর এই পোস্টটি প্রকাশ্যে আসতেই শহরের নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। পোস্টের কমেন্ট বক্সে উজ্জ্বয়িনী ব্যানার্জী নামে এক স্থানীয় বাসিন্দাও একই অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, তিনিও সম্প্রতি পার্কে এই ধরনের দৃশ্য লক্ষ্য করেছেন। উল্লেখ্য, এগরার বরিষ্ঠ নাগরিক ও শহরবাসীর কথা মাথায় রেখে রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের আর্থিক সহায়তায় এবং এগরা পুরসভার উদ্যোগে এই ‘সেফটি পার্ক’টি নির্মিত হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর সেখানে নজরদারির অভাবে পার্কের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন শহরবাসীর একাংশ। এখন দেখার, সামাজিক মাধ্যমে ওঠা এই নাগরিক আবেদনে সাড়া দিয়ে প্রশাসন ও পুর কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে